নিজস্ব প্রতিনিধি :
তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (অডিট শাখা) মোহাম্মদ শামছুল হক।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় ১৮ এপ্রিল তিনি সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং গ্রাম আদালতের এজলাস কক্ষ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় গ্রাম আদালতের চলমান কার্যক্রম, মামলা নিষ্পত্তির অগ্রগতি এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তিনি বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য একটি সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ের বিচারব্যবস্থা। এই ব্যবস্থাকে আরও কার্যকর করতে হলে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত জরুরি।
এজলাস কক্ষের মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, একটি সুশৃঙ্খল ও উপযুক্ত পরিবেশ বিচারপ্রার্থীদের আস্থা বাড়ায়। তাই নির্ধারিত মান বজায় রেখে এজলাস স্থাপন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউএনডিপির এভিসিবি (৩য় পর্যায়) প্রকল্পের অপারেশন অফিসার এএফএম আব্দুল হামিদ, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান, সিলেট সদর উপজেলার সমন্বয়কারী গীতা রাণী মোদক, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মানিক মিয়া, প্রশাসনিক কর্মকর্তা মো. তাজ উদ্দিন এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোছা. রেহেনা বেগমসহ সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের পরিদর্শন কার্যক্রম তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি করবে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করবে।
