সাপ্তাহিক সবুজ প্রান্ত

জকিগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


জকিগঞ্জ প্রতিনিধি :

জকিগঞ্জে দুই দিনব্যাপী বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় সোনার বাংলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষ হয়ে উঠতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে যুগোপযোগী শিক্ষা দিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বিকাশে শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে শিক্ষকদের জ্ঞান বৃদ্ধি শিক্ষার্থীদেরও উপকৃত করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম ও ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর মো. আরিফ।

জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ ইয়াহিয়া আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক কে. এম. মামুন।

BRAC Education Programme এবং BRAC Learning Division & Social Innovation Lab-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষক অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ে আধুনিক ও ব্যবহারিক ধারণা প্রদান করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন