সাপ্তাহিক সবুজ প্রান্ত

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপিত


নিজস্ব প্রতিবেদক 

সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ এরফান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার। আর্থিকভাবে অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম মানুষের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, একসময় আইনগত সহায়তা মূলত বেসরকারি উদ্যোগে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে রাষ্ট্রীয়ভাবে তা বিস্তৃত ও কার্যকর হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসে ধনী-গরিব নির্বিশেষে সবাই বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন।

সভাপতি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ মানুষকে আইনগত সহায়তা সেবার বিষয়ে সচেতন হয়ে প্রয়োজনে তা গ্রহণের আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

এসময় সিলেট মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) রাজীব কুমার বিশ্বাস, শ্রম আদালতের সিনিয়র জেলা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু, দ্রুত বিচার ট্রাইব্যুনালের জেলা জজ স্বপন কুমার সরকার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আবু ওবাইদা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমাম হোসেন, জেলা পাবলিক প্রসিকিউটর মো. আশিকুর রহমান, মহানগর পাবলিক প্রসিকিউটর বদরুল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসানসহ অন্যান্য উপজেলা সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আদালত প্রাঙ্গণে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের একটি স্টল বসানো হয়। স্টলে বিভিন্ন আইইসি (IEC) ম্যাটেরিয়ালসের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার ব্যবস্থা করা হয়। সেখানে আগত দর্শনার্থীরা স্টল পরিদর্শন করে এ বিষয়ে ধারণা গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন