সাপ্তাহিক সবুজ প্রান্ত

মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপিত


মৌলভীবাজার প্রতিনিধি 

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় জেলা লিগ্যাল এইড কমিটি, মৌলভীবাজারের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়াল।

সভায় বক্তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা সেবা বিচারপ্রাপ্তিকে সহজ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ কামরুল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হাসান খান, পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ, স্পেশাল মেডিয়েটর (অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ) আবু সৈয়দ দিলজার হোসেন, জেলা জজ আদালতের সরকারি কৌশুলী, পাবলিক প্রসিকিউটর, স্পেশাল পাবলিক প্রসিকিউটর এবং মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা।

এছাড়াও জেলা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ, ম্যাজিস্ট্রেটবৃন্দ, আইনজীবীবৃন্দ, বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, লিগ্যাল এইড কমিটির সদস্য ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সংশ্লিষ্ট উপজেলা সমন্বয়কারীগণও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে সেরা প্যানেল আইনজীবী নারী ক্যাটাগরিতে সুরাইয়া খাতুন এবং পুরুষ ক্যাটাগরিতে শাহ ফখরুল ইসলামকে সম্মাননা স্মারক ও সম্মানী প্রদান করা হয়।



এছাড়াও জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও দর্শনার্থীরা।

এ উপলক্ষে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের একটি স্টলও বসানো হয়। স্টলে বিভিন্ন আইইসি (IEC) ম্যাটেরিয়ালসের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়। আগত দর্শনার্থীরা স্টল পরিদর্শন করে এ বিষয়ে ধারণা গ্রহণ করেন।

এসময় জেলা লিগ্যাল এইড অফিস, মৌলভীবাজারের কার্যক্রম ও সেবাসমূহ সম্পর্কে জনসাধারণকে অবগত করা হয় এবং আগতদের মধ্যে আইনগত সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সোহেল ভূইয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন