সাপ্তাহিক সবুজ প্রান্ত

বেড়িবাঁধের ইট চুরি নিয়ে বিরোধ: জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, থানায় লিখিত অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি :

সুরমা নদীর বেড়িবাঁধের ইট চুরি নিয়ে প্রতিবাদকে কেন্দ্র করে জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের আইয়র এলাকায় প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আইয়র গ্রামের বাসিন্দা মোঃ আব্দুছ ছোবহান জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এতে স্থানীয় কয়েকজনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি আইয়র থেকে মুন্সিবাজার মাদ্রাসা পর্যন্ত সড়কের বেড়িবাঁধের ইট চুরির ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান কাতার প্রবাসী আব্দুল মন্নান। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাদের পরিবারকে বিভিন্ন সময় হুমকি দিতে থাকে।

গত ২৯ মার্চ রবিবার সন্ধ্যায় আব্দুল মন্নানের অনুপস্থিতিতে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের বসতঘরে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাড়িতে থাকা আব্দুছ ছোবহানকে মারধর করে গুরুতর আহত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা ও প্রবাসীর স্ত্রীও হামলার শিকার হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় প্রবাসীর স্ত্রীর গলা থেকে প্রায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে শ্লীলতাহানির শিকার করা হয়। এছাড়া ঘরের আসবাবপত্র ও গ্লাস ভাঙচুর করে ক্ষয়ক্ষতি সাধন করা হয়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা চিকিৎসা নেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মো. আব্দুল রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন