সাপ্তাহিক সবুজ প্রান্ত

‎তাহিরপুরে দক্ষিণ বড়দল ইউনিয়নে চেয়ারম্যান পদে ফের আলোচনায় সবুজ আলম

 


মুরাদ মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

‎ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নং দক্ষিণ বড়দল ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আবারও আলোচনায় এসেছেন সাবেক চেয়ারম্যান হাজী মো. সবুজ আলম। স্থানীয় পর্যায়ে নির্বাচনী তৎপরতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে সমর্থকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

‎দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুজ আলম এবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। নির্বাচন সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন।
‎তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সবুজ আলম এর আগে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক। পাশাপাশি শিক্ষা ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত বলে স্থানীয়ভাবে পরিচিত।
‎আবার চেয়ারম্যান নির্বাচিত হলে দক্ষিণ বড়দল ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন সবুজ আলম। তাঁর পরিকল্পনায় নাগরিক সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা, তরুণদের সম্পৃক্ততা এবং ইউনিয়নের উন্নয়নকে গুরুত্ব দেওয়ার কথা রয়েছে।
‎সবুজ আলমের ভাষ্য, ইউনিয়নের মুরব্বিদের অভিজ্ঞতা, তরুণদের মেধা ও যুবসমাজের কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে দক্ষিণ বড়দলকে একটি আধুনিক, স্মার্ট ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে রূপ দেওয়া সম্ভব। তিনি কোনো ধরনের স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়াই নাগরিকদের সরকারি সুযোগ-সুবিধা ও সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
‎নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে হাজী মো. সবুজ আলম বলেন, “আমি আমার ইউনিয়নের মানুষের আবারও সেবক হতে চাই। আমি কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং দক্ষিণ বড়দল ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।”
‎তিনি আরও বলেন, অর্থ কিংবা আধিপত্যের মাধ্যমে নয়, জনগণের ভালোবাসা নিয়েই তিনি মানুষের পাশে থাকতে চান। দক্ষিণ বড়দলকে একটি মডেল ও আলোকিত ইউনিয়নে পরিণত করার স্বপ্নের কথাও জানান তিনি।

নির্বাচনী প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, এ পথচলায় ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, পরামর্শ, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন