গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সিলেট উপশহরস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কার্যালয়ে এ প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমান।
‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে গ্রাম আদালতের মামলা সংক্রান্ত তথ্য সংরক্ষণ, তথ্য হালনাগাদ, মামলা ব্যবস্থাপনা, প্রতিবেদন প্রস্তুত এবং তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রমের তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে গ্রাম আদালতে দায়ের হওয়া মামলা, শুনানি, নিষ্পত্তি ও অন্যান্য কার্যক্রমের তথ্য সুশৃঙ্খলভাবে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করা সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানান।
উল্লেখ্য, সিলেট বিভাগে মোট ১৩টি ব্যাচে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। গত ২৩ আগস্ট শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৫ অক্টোবর পর্যন্ত সিলেট উপশহরস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কার্যালয়ে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
