সাপ্তাহিক সবুজ প্রান্ত

বিশ্বনাথে বিয়ের ১৬ দিনের মাথায় আগুনে পুড়ে গেল নববধূ রেছনার জীবনপ্রদীপ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় আগুনে পুড়ে রেছনা বেগম (১৮) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ (বিলপাড়) গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানায় নিয়েছে। ‎ ‎​নিহত রেছনা বেগম অলংকারী ইউনিয়নের আলমনগর গ্রামের আব্দুশ শহীদ সরকারের মেয়ে। গত ২ জানুয়ারি পারিবারিকভাবে দ্বীপবন্দ গ্রামের আব্দুল মালিকের (৩৪) সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। ‎​ ‎পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে আব্দুল মালিক তাঁর পরিবারের সদস্যদের নিয়ে এক আত্মীয়ের চিকিৎসার জন্য সিলেটে যান। বাড়িতে তখন রেছনা বেগম ও তাঁর আট বছর বয়সী এক ভাগনি ছাড়া আর কেউ ছিল না। বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ রান্নাঘর থেকে আসা চিৎকার শুনে প্রতিবেশী এক তরুণী এগিয়ে আসেন। ভেতর থেকে রান্নাঘরের দরজা বন্ধ থাকায় তিনি দরজার ছিদ্র দিয়ে হাত ঢুকিয়ে খিল খুলে ভেতরে প্রবেশ করেন এবং রেছনাকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পান। ‎ ‎​পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‎​ ‎খবর পেয়ে রোববার রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, 'খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অতি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আব্দুল মালিককে থানায় আনা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।'

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন