আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও জেলা বিএনপির নেতা মিজানুর রহমান চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মিজানুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা পোস্ট করেন। সেখানে তিনি তারেক রহমানের সঙ্গে তোলা একটি ছবিও সংযুক্ত করেন এবং সরাসরি ভোটারদের উদ্দেশে নিজের অবস্থান তুলে ধরেন। মিজানুর রহমান চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং ছাতক উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, যা যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত হয়। এ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। মিজানুরের স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এলাকায় রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছিল এবং দলীয় প্রার্থীর জন্য পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করেন। ফেসবুক বার্তায় মিজানুর রহমান চৌধুরী বলেন, ভোটারদের ভালোবাসা ও আবেগের প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে গত ৯ জানুয়ারি গুলশানে বিএনপির কার্যালয়ে ডেকে তারেক রহমান দল ও দেশের বৃহত্তর স্বার্থে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান। দলের শীর্ষ নেতৃত্বের অনুরোধ উপেক্ষা করা তার পক্ষে সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, তার এই সিদ্ধান্তে কেউ কষ্ট পেলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন এবং কর্মী-সমর্থকদের ত্যাগ ও ভালোবাসার প্রতি গভীর শ্রদ্ধা জানান। ভবিষ্যতেও ছাতক ও দোয়ারাবাজারবাসীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি তার রাজনৈতিক আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রেরণা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তারেক রহমানকে দলের অভিভাবক আখ্যা দেন। শেষে তিনি তার এই সিদ্ধান্তকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য ছাতক ও দোয়ারাবাজারের সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানান।
বিষয়রাজনীতি