সাপ্তাহিক সবুজ প্রান্ত

তাহিরপুরে শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সামছুল হক


মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন হাজী মো. সামছুল হক।

সামছুল হক শ্রীপুর উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি একাধিকবার ওই ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও দরিদ্র মানুষের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করার বিষয়ে কাজ করার কথা জানিয়েছেন তিনি।

সামছুল হক বলেন, “জনগণ আমাকে চেয়ারম্যান হিসেবে তাদের সেবা করার সুযোগ দিলে সততার সর্বোচ্চ দিয়ে সেই দায়িত্ব পালন করে যাবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, ত্রাণের সুষ্ঠু বিতরণ, হতদরিদ্র মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ তৈরিতে কাজ করতে চান। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

সামছুল হকের ভাষ্য, তিনি শ্রীপুর উত্তর ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। এ জন্য এলাকার প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের মেধা ও কর্মস্পৃহাকে কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

এদিকে স্থানীয় পর্যায়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সামছুল হকসহ আরও কয়েকজনের নাম স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন