সাপ্তাহিক সবুজ প্রান্ত

দেশে ফিরেই নেতাকর্মীদের সংবর্ধনায় সিক্ত সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন

 


বিশ্বনাথ প্রতিনিধি:

দীর্ঘদিন পর ইউরোপের দেশ পর্তুগাল থেকে দেশে ফিরেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে খাজাঞ্চী ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উপস্থিত নেতাকর্মীরা জানান, খাজাঞ্চী ইউনিয়নের মানুষের বিভিন্ন প্রয়োজনে তালুকদার মো. গিয়াস উদ্দিন অতীতে পাশে ছিলেন এবং চেয়ারম্যান থাকাকালে এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন। তার দেশে ফেরায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

সংবর্ধনার জবাবে তালুকদার মো. গিয়াস উদ্দিন বলেন, এলাকাবাসীর ভালোবাসায় তিনি অভিভূত। তিনি দাবি করেন, বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর হাত ধরে তার রাজনৈতিক পথচলা শুরু হয় এবং ইলিয়াস আলীর উন্নয়ন ভাবনা বাস্তবায়নের প্রত্যাশা এখনও রয়েছে।

তিনি আরও বলেন, দল থেকে দায়িত্ব পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েই তিনি দেশে ফিরেছেন। তরুণ ও প্রবীণদের সহযোগিতা পেলে খাজাঞ্চী ইউনিয়নের উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় বক্তব্য দেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ খান ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে তালুকদার মো. গিয়াস উদ্দিনকে খাজাঞ্চী ইউনিয়নের উদ্দেশ্যে নিয়ে যান। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন