সাপ্তাহিক সবুজ প্রান্ত

‎শবে বরাত ২০২৬ কত তারিখে? জানুন সঠিক তারিখ ও সরকারি ছুটির ঘোষণা

২০২৬ সালের পবিত্র শবে বরাতের তারিখ চূড়ান্ত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে। ধর্মীয় এই উৎসব উপলক্ষে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

‎গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, দেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২১ জানুয়ারি (বুধবার) থেকে শাবান মাস গণনা শুরু হয়েছে। সেই হিসেবে শাবান মাসের ১৫তম রজনী অর্থাৎ ১৪ শাবান দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।

‎ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের সকল জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ২০ জানুয়ারি মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হওয়ায় বুধবার থেকে শাবান মাস শুরু হয়েছে।

‎শবে বরাত মূলত ফারসি শব্দ, যার অর্থ 'মুক্তির রাত'। ইসলাম ধর্মে মহিমান্বিত এই রজনীটি পবিত্র রমজানের আগমনী বার্তা নিয়ে আসে। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে আল্লাহর ক্ষমা ও রহমত প্রার্থনা করেন।

‎সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, শবে বরাতের পরদিন অর্থাৎ ৪ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি থাকবে। শবে বরাতের ঠিক ১৫ দিন পরই রমজান মাসের রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন