নিজস্ব প্রতিবেদক
আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার জানান, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিক এবং নিবন্ধিত নির্বাচন পর্যবেক্ষকদের মোবাইল ফোন বহনের বিষয়ে কোনো বাধা থাকবে না। তবে ভোটগ্রহণের গোপনীয়তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে গণমাধ্যম ও পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
