চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ছাতক-দোয়ারা গড়তে দাড়িপাল্লার বিকল্প নেই: সালাম মাদানী
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এবং ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, চাঁদাবাজি, দুর্নীতি ও নারী বিদ্বেষমুক্ত ছাতক–দোয়ারা গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত দাঁড়িপাল্লার সমর্থনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও ছাতক–দোয়ারার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের মুখ দেখেনি। যারা ক্ষমতায় এসেছে, তারা যুগের পর যুগ মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে বঞ্চিত করেছে। মানুষের অধিকার হরণ করে লুটপাটের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করেছে। আজ আবার তারা নতুন রূপে মানুষের সামনে হাজির হয়েছে। এসব অপশক্তির হাত থেকে ছাতক–দোয়ারার মানুষকে রক্ষা করতে হবে।
সালাম মাদানী আরও বলেন, ছাতক–দোয়ারার মানুষ আর ‘হবে-হচ্ছে’ শুনতে চায় না। মানুষ এখন সচেতন। তারা দাসত্বের শৃঙ্খল ভেঙে মুক্ত হতে চায়।
তিনি বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে ছাতক–দোয়ারায় কোনো ধরনের চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির স্থান থাকবে না। যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দুই উপজেলায় আধুনিক হাসপাতাল স্থাপনসহ পর্যটন শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সমাবেশে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ হাজারের বেশি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
পরে একই দিন বিকাল সাড়ে ৪টায় ছাতক উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত আরেকটি সমাবেশে বক্তব্য দেন তিনি। দোয়ারাবাজারের মতো ছাতকেও কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে দাঁড়িপাল্লার সমাবেশে শক্তি প্রদর্শন করে জামায়াত।
