সাপ্তাহিক সবুজ প্রান্ত

‎দোয়ারাবাজারে ‘স্পেস টু লিড’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নারী ও মেয়ে শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, শোভন কাজ ও স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিতকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাসের লক্ষ্যে ‘স্পেস টু লিড’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সুইডিশ সরকার ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডা) অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

‎সভায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। তিনি বলেন, কিশোর-কিশোরী ও যুবদের নেতৃত্ব বিকাশ, সুরক্ষা নিশ্চিতকরণ ও কর্মক্ষমতা বৃদ্ধিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করতে এটি সহায়ক হবে। প্রকল্পের সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (পিএইচডি) মো. সাখাওয়াত হোসেন। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী (পিএইচডি) ফিরোজ আহমেদ। ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য দেন অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফিসার রাফিদ আমীন অক্ষর।অপরাজেয়-বাংলাদেশের মনিটরিং অফিসার সঞ্জিত কুমার দের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন এসআরএইচ কো-অর্ডিনেটর মো. আছদুজ্জামান, পিএইচডির ফ্যাসিলিটেটর আল-আমিন, নিলুফার ইয়াসমিন, শফিকুল ইসলাম, সিআরএইচএসঅ্যান্ডসিপির মো. রেজাউল করিম ভুইয়া এবং অপরাজেয়-বাংলাদেশের উপজেলা কো-অর্ডিনেটর আজমল হোসেন।

‎সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কর্মএলাকা, বাজেট ও বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পরে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, সহযোগী সংস্থার প্রতিনিধি, যুবক-যুবতী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্প স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে সক্ষম হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন