সিলেটের গোলাপগঞ্জে সরকারি এমসি একাডেমির সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে শানাজ আহমদ (২৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শানাজ বিশ্বনাথ উপজেলার শ্রীপুর রামপাশা গ্রামের মখন মিয়ার ছেলে এবং সিলেট নগরীর একটি পোল্ট্রি ফার্মের গাড়ি চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সিলেট থেকে সহকর্মীদের সাথে গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে দাওয়াত খেতে এসেছিলেন শানাজ। দাওয়াত শেষে অন্য এক জনের মোটরসাইকেল নিয়ে পৌর শহরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। পথিমধ্যে সরকারি এমসি একাডেমির সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে ডিভাইডারের অপর প্রান্তে গিয়ে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮২৮৬৯) চাকার নিচে পিষ্ট হন। দুর্ঘটনায় মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।