সাপ্তাহিক সবুজ প্রান্ত

গ্রাম আদালতের সুবিধা প্রচারে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা প্রয়োজন : ডিসি মৌলভীবাজার

মৌলভীবাজারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল বলেন, গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। গ্রাম আদালত কার্যক্রমকে টেকসই ও কার্যকর রাখতে অংশীজনদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তি করা সম্ভব। এতে সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচার পাবে এবং উচ্চ আদালতের মামলার চাপও উল্লেখযোগ্যভাবে কমবে। জনসচেতনতা বৃদ্ধি করতে পারলে গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব রুবেল মাহমুদ। সভার শুরুতে তিনি স্বাগত বক্তব্য রাখেন এবং কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য সংক্ষেপে তুলে ধরেন। স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার জনাব নওসিন জাহানের সঞ্চালনায় কর্মশালায় এভিসিবি-৩য় পর্যায় প্রকল্পের ইপসা সিলেট ও মৌলভীবাজার জেলা ব্যবস্থাপক শওকত হাসান মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের পরিচিতি, গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন। কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আহমেদ সাব্বির সাজ্জাদ, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল খয়ের, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মো. হাবিবুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব ফরহাত নূর, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জনাব মো. ফারুক আলম, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক জনাব বকসি ইকবাল আহমদ ও সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম সেফুল। এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. পরিতোষ কুমার শীল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (রাজনগর) জিপা সুলতানা, সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার সভাপতি পরিতোষ দেব, রিক সংস্থার প্রতিনিধি আলতাফ হোসেন, এফআইভিডিবি’র প্রতিনিধি সত্যনারায়ণ নাইডুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রিত প্রতিনিধিবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন