সাপ্তাহিক সবুজ প্রান্ত

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে মো. আব্দুল্লাহ আল ইমরান তাপাদার (১৭) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার ২৬ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। গত ১৫ জুন সন্ধ্যায় উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। এ ঘটনায় জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। একমাত্র ছেলেকে হারিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার বাবা-মা।

‎পারিবারিক সূত্র জানায়, নিখোঁজ ইমরান মাতারগ্রামের বাসিন্দা আব্দুল মুতলিব ও ফাতিমা বেগমের ছেলে। ঘটনার দিন সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় রাস্তার মোড়ে যায়। এরপর রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ নেন। কোথাও তার সন্ধান না পেয়ে ঘটনার দুই দিন পর ১৭ জুন জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন কিশোরের বাবা আব্দুল মুতলিব।

‎এবিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, "এখনো পর্যন্ত ছেলেটার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে আমাদের পুলিশি চেষ্টা অব্যাহত আছে। সারাদেশের সব থানায় তার তথ্য পাঠানো হয়েছে। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের দিকেও নজর রেখে আমরা তৎপরতা চালাচ্ছি।"

‎পুলিশ জানায়, নিখোঁজ কিশোরকে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন থানা ও সংশ্লিষ্ট ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

‎এদিকে, পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। কেউ নিখোঁজ কিশোর মো. আব্দুল্লাহ আল ইমরান তাপাদারের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা জকিগঞ্জ থানা কিংবা তাঁর পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন