সাপ্তাহিক সবুজ প্রান্ত

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও থ্রি-হুইলারের টায়ার জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎ ‎পুলিশ জানায়, (১৫ জুলাই) বুধবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই শৈলেশ চন্দ্র দাস, এসআই শাহ আলম ও এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৩ নম্বর দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের সড়কের বাজার এলাকায় অভিযান চালান। এ সময় আজমল মিয়ার ভাড়া দেওয়া একটি ভবন থেকে উজান বারাপৈত গ্রামের মৃত মাসুক উদ্দিনের ছেলে মো. ইসলাম উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করা হয়। ‎ ‎অভিযানে প্যাট্রন ব্র্যান্ডের ২৬ হাজার ৪০০ শলাকা, ওরিস ব্র্যান্ডের ২৪ হাজার শলাকা, মন্ড ব্র্যান্ডের আপেল ফ্লেভারের ১০ হাজার শলাকা ও স্ট্রবেরি ফ্লেভারের ৮ হাজার শলাকা সিগারেট এবং থ্রি-হুইলারের এমআরএফ ব্র্যান্ডের ২০টি টায়ার জব্দ করা হয়। ‎ ‎পুলিশ জানায়, উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা। ‎এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় কানাইঘাট থানায় মামলা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন