সাপ্তাহিক সবুজ প্রান্ত

সিলেটে নজর কাড়ছে ২৭ মণের মিস্টার সিলেট, দাম ১২ লাখ টাকা

কুরবানির ঈদ ঘনিয়ে আসতেই সিলেটজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মিস্টার সিলেট। এক টনেরও বেশি ওজনের বিশালদেহী এই গরুটি দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছেন সিলেট নগরীর আখালিয়ার একটি খামারে। সাদা-কালো রঙের ডোরাকাটা এই গরুটি এবারের কোরবানির হাটে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিলেট নগরীর আখালিয়ার বাসিন্দা রাহাত তিন বছর আগে রাজশাহী থেকে গোয়াল জাতের এই গরুটিকে কিনে আনেন। বর্তমানে এর ওজন প্রায় ১ হাজার ১০০ কেজি। বিশাল আকৃতির কারণে মিস্টার সিলেটের খাদ্যাভ্যাসও সাধারণ গরুর চেয়ে আলাদা। প্রতিদিন এর পেছনে ১০০০ থেকে ১২০০ টাকা খরচ হয়। সেই হিসেবে মাসে কেবল খাবারের পেছনেই ব্যয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। প্রতিদিন নিয়ম মেনে একে ভুষি, মিক্সড ফিড, কাঁচা ঘাস, শুকনো খড় ও ক্ষুদ খাওয়ানো হয়।

খামারি রাহাত জানান, তিন বছরের নিবিড় যত্নে গরুটির সাথে তাঁর গভীর সখ্য তৈরি হয়েছে। তিনি বলেন, ‘সিলেটে এর থেকে বড় গরু এখনো আসেনি বা আমার জানামতে নেই। সিলেট পর্যায়ে এটিই হবে সবচেয়ে সেরা গরু।’ তবে খামার পরিচালনা করতে গিয়ে পশুখাদ্যের সিন্ডিকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাহাত বলেন, ‘তিন বা ছয় মাসের প্রজেক্ট নিয়ে যখন আমরা গরু পালন শুরু করি, তখনই সিন্ডিকেটের কারণে ১৪০০ টাকার ভুষি ২৫০০ টাকা হয়ে যায়।’

আখালিয়ার এই খামারে বর্তমানে প্রায় ১০০টি গরু থাকলেও সবার চোখ মিস্টার সিলেটের দিকে। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা গরুটির আকার দেখে মুগ্ধ। কেউ কেউ একে ছোটখাটো হাতির সঙ্গে তুলনা করছেন। দর্শকদের মতে, ১১০০ কেজি ওজনের এই গরু হাটে তুললে মানুষ অবাক হবে।

সবকিছু ঠিক থাকলে সিলেটের ঐতিহাসিক কাজির বাজারে মিস্টার সিলেটকে তোলা হবে। শখের বসে লালনপালন করা এই প্রাণীটির দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। ব্যতিক্রমী আকার আর বিশেষ যত্নে বেড়ে ওঠা মিস্টার সিলেটই হতে পারে এবারের হাটের সবচেয়ে বড় চমক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন