সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটপাটের অভিযোগে আটক হওয়া কসকনকপুর ইউনিয়ন যুব জামায়াতের সহসাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরীসহ ছয়জনকে জামিন দিয়েছেন আদালত। জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের এই জামিন মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান চালানো হয়। ওই অভিযানে রাস্তা থেকে সরিয়ে নেওয়া বিপুল পরিমাণ ইট উদ্ধার করার পাশাপাশি চুরির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে মাহফুজসহ ছয়জনকে আটক করা হয়েছিল।
জকিগঞ্জ থানা পুলিশ জানায় গত বুধবার এলাকাবাসীর পক্ষ থেকে সরকারি প্রকল্পের রাস্তার প্রায় ১৫ লাখ ইট রাতের অন্ধকারে সরিয়ে নেওয়ার লিখিত অভিযোগ পাওয়ার পর এই অভিযান চালানো হয়। অভিযানে বিজিবি, পুলিশ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও অংশ নেন। মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়র এলাকার বিভিন্ন বাড়ির ভেতর এবং রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয় কয়েক লাখ ইট।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত শুনানি শেষে জামিন প্রদানের এই আদেশ দেন।