মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে মৌলভীবাজার শহরের একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক অর্থমন্ত্রী ও আধুনিক সিলেটের রূপকার এম সাইফুর রহমানের স্মরণে আয়োজিত এই মাহফিলে জেলার বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। তিনি এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করছেন। সংগঠনের আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এবং পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. আব্দুল মতিন চৌধুরী।
মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সুনিল কুমার দাশ, এম এ মুকিত, মো. বদরুল আলম, মো. ফখরুল ইসলাম ও বকসী মিসবাহ উর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় সাংবাদিক ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতারের ঠিক আগে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। মোনাজাতে প্রয়াত এম সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ প্রার্থনা করা হয়।
