সাপ্তাহিক সবুজ প্রান্ত

দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদে ইমাম নিয়োগে অনিয়মের দাবিতে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদে ইমাম নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও যোগ্যতা উপেক্ষার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ক্বারী মাওলানা মুফতি নোমান আহমদ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ক্বারী মাওলানা মুফতি নোমান আহমদ অভিযোগ করে বলেন, গত ২৩ ডিসেম্বর তিনি যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং চূড়ান্ত ফলাফলে দ্বিতীয় স্থান লাভ করেন। কিন্তু অভিযোগ উঠেছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় মেধাতালিকায় চতুর্থ হওয়া এক প্রার্থীকে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, নিয়োগ পরীক্ষায় প্রথম সারির একাধিক মেধাবী প্রার্থী থাকা সত্ত্বেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চতুর্থ অবস্থানে থাকা ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ঘটনায় ক্বারী মাওলানা মুফতি নোমান আহমদ দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উপজেলা মডেল মসজিদ নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সালেহীন খাঁনের বিরুদ্ধে অনিয়মের কথা উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ১৭ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক মো. নোমান আহমদ পেশ ইমাম পদের জন্য গত ২৩ ডিসেম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় হন। কিন্তু চূড়ান্ত নিয়োগের তালিকায় দেখা যায় চতুর্থ হওয়া ব্যক্তির নাম। এ সময় তিনি নিজের চূড়ান্ত ফলাফলের মার্কশিট মৌখিকভাবে দেখতে চাইলেও ডা. মো. আবু সালেহীন খাঁন অজ্ঞাত কারণে তা দিতে অপারগতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আব্দুর রউফ, মাওলানা রায়হান আজিজ, রবিউল ইসলাম, আব্দুল বাছিত, আব্দুল জলিল, মাওলানা নাঈম আহমদ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন