সাপ্তাহিক সবুজ প্রান্ত

শ্রীপুর উত্তর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক


তাহিরপুর প্রতিনিধি

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে এক নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামে কানু পালের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মো. খসরুল আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হায়দার, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, ইউনিয়ন যুবদল নেতা কবির আহমদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. উকিল মিয়া, ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মো. বাবুল মিয়া ও সাধারণ সম্পাদক নুরুল মুক্তার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন তালুকদারসহ অরুণ দাস, সুজন মিয়া, কাছাধন পাল, নেপাল পাল ও সুজিত পাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব্বইয়ের দশকের সাবেক ছাত্রনেতা ও সিলেট মহানগর বিএনপির অন্যতম নেতা মো. সুলেমান হোসেন। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাজী নাজমুল হক, বদিউজ্জামান, অরুণ দাস, মতি পাল, হিমাংশু পাল, আলম, সুয়েজ মিয়া, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আতাউরফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তব্যে মো. সুলেমান হোসেন বলেন, ধানের শীষ কোনো ব্যক্তির প্রতীক নয়—এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের প্রতীক। তিনি বলেন, এই ঐতিহাসিক প্রতীকের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে, কারণ বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে। বিএনপি শুধু কথা বলে না, কাজ করে—এ কারণেই ধানের শীষ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক।

তিনি আরও বলেন, কামরুজ্জামান কামরুল নির্বাচিত হলে তাহিরপুর উপজেলার হাওর উন্নয়ন ও রাস্তাঘাটের অসমাপ্ত কাজগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা হবে। পাশাপাশি নারী ও পরিবারকল্যাণে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. খসরুল আলম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি সকল ভেদাভেদ ভুলে দলবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হায়দার বলেন, হিন্দু সম্প্রদায়ের কারও কোনো শঙ্কার কারণ নেই। তিনি বলেন, ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তিনি সবসময় সকল ধর্মের মানুষের সুখে-দুঃখে পাশে আছেন এবং বিএনপি ক্ষমতায় এলে আরও বেশি সহায়তা অব্যাহত থাকবে। তিনি হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ও যুবসমাজের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কামরুজ্জামান কামরুলকে বিজয়ী করার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন