মৌলভীবাজারের রাজনগরে শীতার্থ এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। রবিবার বিকেলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে উপজেলার সদর ইউনিয়নের আলহাজ লিলজান বিবি মহিলা মাদরাসা ও এতিমখানায় তিনি এসব কম্বল বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক এতিম শিশু শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি স্নেহ ও আন্তরিকতা প্রকাশ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা রাজু চন্দ্র পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন শাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো ধরনের অনিয়মের সুযোগ থাকবে না। নির্বাচন সংক্রান্ত সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল আমিন, উপজেলা প্রকৌশলী আব্দুল গণী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান, জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ।
উল্লেখ্য, চলতি শীত মৌসুমে রাজনগর উপজেলায় এক হাজার সাতশরও বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
