শীতের তীব্রতায় বিপর্যস্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে গোয়াইনঘাট ছাত্র পরিষদ। সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে শীতের কম্বল তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, সামাজিক সংগঠনগুলোর এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি মিজানুর রহমান দৌলতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের সহ-সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, সংগঠনের শুভাকাঙ্ক্ষী মাওলানা সুহাইল আহমদ ও অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শীতার্ত মানুষের হাতে উপহার হিসেবে শীতের কম্বল তুলে দেওয়া হয়।
