বিশ্বনাথ উপজেলার খাজাঞ্জী ইউনিয়নের সুরমা নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার শতবর্ষ পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী রোববার (৪ জানুয়ারি) আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।
প্রধান অতিথির বক্তব্যে ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “নবী করিম (সা.) বলেছেন, একটি মানুষকে হত্যা করা মানে পুরো মানবজাতিকে হত্যা করার শামিল। এই শিক্ষা আমাদের মনে ধারণ করে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো ইসলামী শিক্ষা বিভাগ নেই। এ বিষয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ড. সৈয়দ রাগীব আলী বলেন, “নিজ এলাকার শিক্ষা ও উন্নয়নে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষা উন্নয়নে আরও ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারি হাফেজ মাওলানা নাসিম আহমদের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ ও শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক মাওলানা আব্দুর রউফ।
দ্বিতীয় দিনের কর্মসূচিতে হামদ-নাত, স্মৃতিচারণ, অতিথিদের বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উদযাপন পরিষদের সদস্য সচিব ফয়ছল আহমদ সুবাহদার।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
