সাপ্তাহিক সবুজ প্রান্ত

গোয়াইনঘাটে সরকারি অনুমতি ছাড়া রাস্তার গাছ কর্তনের অভিযোগ


গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর টু পিরের বাজার সড়কে সরকারি অনুমতি ছাড়া প্রায় ৪০ থেকে ৫০টি রাস্তার গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় উদ্বেগ ও আলোচনা সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, হাজির আলী নামের এক ব্যক্তি প্রতিটি গাছ দুই থেকে চার হাজার টাকায় বিক্রি করেছেন। গাছ ক্রেতাদের সঙ্গে কথা বললে তারাও জানান, তারা হাজির আলীর কাছ থেকেই গাছগুলো কিনেছেন।

অভিযোগের বিষয়ে হাজির আলী বলেন, সড়ক প্রশস্তকরণ এবং কিছু মরা গাছ অপসারণের জন্য রুস্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন তাকে এ কাজ করতে বলেন। তার দাবি, ডালপালা বিক্রি করে শ্রমিকদের মজুরি দেওয়া হবে এবং বাকি গাছ তহশিলদার এসে নিলামে বিক্রি করবেন।

সোমবার (৫ জানুয়ারি) সকালে বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের নজরে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। প্রকাশ্যে সরকারি রাস্তার গাছ কাটার ঘটনায় পরিবেশ সচেতন মহলসহ সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। একদিকে বৃক্ষরোপণ কর্মসূচির কথা বলা হলেও অন্যদিকে সরকারি গাছ নিধনের ঘটনায় পরিবেশ সংরক্ষণের বাস্তব চিত্র নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা বন কর্মকর্তা (এডিএম) সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং গাছ জব্দ করেন। তিনি জানান, একটি কুচক্রি মহল এ ঘটনার সঙ্গে জড়িত এবং সঠিক তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, গাছ কাটার বিষয়ে তিনি অবগত নন। নিয়ম অনুযায়ী সরকারি গাছ কাটলে নিলামের বিধান থাকলেও এ ঘটনায় তিনি কিছু জানেন না বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, বিষয়টি তার জানা ছিল না। তবে তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ঘটনায় গোয়াইনঘাটবাসী পরিবেশ রক্ষায় প্রশাসনের কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন