সাপ্তাহিক সবুজ প্রান্ত

জকিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর ঘরে ঘরে কম্বল পৌঁছে দিল উপজেলা প্রশাসন

শীতের গভীর রাতে অসহায় মানুষের দুয়ারে প্রশাসন


জকিগঞ্জ প্রতিনিধি 

পৌষের কনকনে শীতে যখন রাত নামলেই গ্রামাঞ্চলে নেমে আসে নীরবতা আর অসহায়ত্ব, ঠিক তখনই শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে গভীর রাতে ঘর থেকে বেরিয়ে পড়েন জকিগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ব্যতিক্রমী এই মানবিক উদ্যোগে রাতের আঁধার ভেদ করে পৌঁছে যায় উষ্ণতার বার্তা।

শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে জকিগঞ্জ উপজেলার প্রান্তিক ও দুর্গম এলাকার গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন।

বারহাল ও সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকার গুচ্ছগ্রামসহ আশপাশের এলাকায় গিয়ে প্রশাসনের কর্মকর্তারা নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন দরিদ্র ও অসহায় মানুষের হাতে। অনেক ক্ষেত্রে গভীর ঘুমে থাকা মানুষকে ডেকে তুলে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেওয়া হয়।

এ সময় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ ও দৈনিক রূপালী বাংলাদেশ-এর প্রতিনিধি আব্দুল মুকিত উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, প্রচণ্ড শীতে দিনমজুর, ভ্যানচালক, ভিক্ষুক ও বস্ত্রস্বল্প নারী-পুরুষরা খড়কুটো জ্বালিয়ে রাত পার করার চেষ্টা করছিলেন। এমন অবস্থায় গভীর রাতে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি তাদের চোখে জল এনে দেয়।

শীতার্ত মানুষের কণ্ঠে কণ্ঠে শোনা যায় কৃতজ্ঞতার ভাষা। তারা বলেন, “এত রাতে এসে কেউ আমাদের কথা ভাববে, তা কখনও ভাবিনি। এই কম্বল আমাদের শুধু গরমই দিল না, আমাদের বাঁচার শক্তিও দিল।”

স্থানীয়দের মতে, উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ শুধু শীতের কষ্ট লাঘব করেনি, বরং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যকার দূরত্বও অনেকটাই কমিয়ে দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন