সাপ্তাহিক সবুজ প্রান্ত

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত


জকিগঞ্জ প্রতিনিধি 

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় জুবায়ের আহমদ (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে শাহগলী বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের আহমদ বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের তকু মিয়া (কবির)-এর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল জুবায়েরকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে ঘটনাস্থলে তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ সেটি উদ্ধার করে হেফাজতে নেয়।

জকিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মোবাইল ফোনের সূত্র ধরে ঘাতক মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবার ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন