সাপ্তাহিক সবুজ প্রান্ত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ফজরের নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সকাল ৭টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণে ভুগছিলেন। এক মাসেরও বেশি সময় ধরে নিবিড় চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্যে সময় পার করছেন। তিনি বলেন, “বর্তমানে তিনি খুবই ক্রিটিক্যাল সময় অতিক্রম করছেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

শেষ মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং বেগম জিয়ার ছোট ভাইসহ নিকটাত্মীয়রা হাসপাতালে উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান, তার স্ত্রী ও কন্যা জাইমা রহমান রাত ২টা পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন।

তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সবুজ প্রান্ত পরিবার মরহুমার রূহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন