জীবনের প্রতিটি কাজে বালাউটি ছাহেব দ্বীনি ইলমের প্রতিফলন ঘটিয়েছেন
সিলেটের জকিগঞ্জে প্রখ্যাত বুযুর্গ, শাহ সূফী হযরত আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (রহ.)-এর ৭ম ঈসালে সাওয়াব মাহফিল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বালাউটি ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত প্রদান করেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।বক্তারা বলেন, প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (রহ.) তাঁর জীবনের প্রতিটি কাজে দ্বীন ইসলামের ইলমের বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন। আল্লাহ পাক তাঁকে শরিয়তের ইলমের ফয়েজ ও বরকত দান করে ধন্য করেছিলেন, যা তিনি যথাযথভাবে উপলব্ধি ও মূল্যায়ন করতে সক্ষম হন। ফলে তাঁর আচার-আচরণ ও যাবতীয় কর্মকাণ্ডে অর্জিত সেই ইলমের পুঙ্খানুপুঙ্খ প্রয়োগ সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে।
বক্তারা আরও বলেন, ইসলামের খেদমত ও দাওয়াতি কার্যক্রমে তিনি বিশেষ অবদান রাখতে সক্ষম হন। যেকোনো বিষয়কে অতি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে যত্ন, সতর্কতা ও সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে নির্ভুলভাবে সম্পন্ন করাই ছিল তাঁর নীতি। এ কারণে তাঁর জীবন ও কর্ম আলোচনায় একটি নিখুঁত কর্মপরিকল্পনার বিষয়টি স্পষ্টভাবে ফুটে ওঠে। এসব গুণাবলি ওলি-আউলিয়াগণের জীবন-বৈশিষ্ট্য, যা সাধারণ মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়।
ঈসালে সাওয়াব মাহফিলকে কেন্দ্র করে আগের দিন থেকেই দেশ-বিদেশ থেকে মুরিদীন ও মুহিব্বীনরা জকিগঞ্জে আসতে থাকেন। প্রখ্যাত এ ওলীর রুহানি দোয়া ও ফয়েজ প্রাপ্তির আশায় তাঁর মাজার প্রাঙ্গণে আল্লাহর দরবারে অসংখ্য ভক্ত-আশিক দফায় দফায় মোনাজাত করেন।
আনুষ্ঠানিকভাবে আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর মাজার জিয়ারত, মিলাদ ও দোয়ার পর শুরু হওয়া মাহফিলে সভাপতিত্ব, জিকির-আজকার পরিচালনা, নসিহত প্রদান ও আখেরি মোনাজাত করেন হযরত মাওলানা মুফতি উবায়দুর রহমান বড় ছাহেবজাদায়ে বালাউটি।
মাহফিল উপলক্ষে খতমে কুরআন, খতমে বুখারী, খতমে দালাইলুল খাইরাত ও খতমে খাজেগান সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক কার্যক্রম দেশ ও বিদেশ থেকে আগত বুযুর্গ, পীর-মাশায়িখ ও উলামায়ে কেরামগণের ধারাবাহিক নসিহতে পরদিন ফজর পর্যন্ত অব্যাহত থাকে। সার্বিক শৃঙ্খলা রক্ষায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
মাওলানা ডা. শাহ মো. ছাফিউর রহমান বালাউটি, মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা ফরিদ আহমদ ও মাওলানা আজির উদ্দিনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে নসিহত প্রদান করেন ভারতের উজানডিহী দরবারের মেঝোছাহেব সাইয়্যিদ আল হাবিব খালেদ আহমদ মাদানী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রূহুল আমীন আফসারী, ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সাইয়্যিদ মাওলানা আবু বকর আল হুসাইনি, মুফতি মাওলানা সাইয়্যিদ সালমান ফারসী আল হুসাইনি, ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা মো. হাবিবুর রহমানসহ দেশ-বিদেশের খ্যাতনামা উলামায়ে কেরাম।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লতিফিয়া এতিমখানার ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী ফুলতলী, বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা'র পরিচালক মাওলানা মো. মাহবুবুর রহমান বালাউটি, সৈয়দ মো. শফিকুল হক রফিনগরী, পীরজাদা সাইয়্যিদ জাফর সাদিক আল হুসাইনি, হবিবপুর-কেশবপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, ছাহেবজাদায়ে বর্ণী মাওলানা মো: আব্দুল আলীম, কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসা'র প্রধান শিক্ষক হাফিজ আব্দুল গনী, মাওলানা মাশুকুর রহমান বালাউটি, হাফিজ মাওলানা মোহাম্মদ ওলিউর রহমান বালাউটি, কানাইঘাট উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, ইঞ্জিনিয়ার মাওলানা শাহ মুছাদ্দিকুর রহমান বালাউটি, মাওলানা শাহ মুনিবুর রহমান বালাউটি, প্রাক্তন ইউপি চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুর, সহকারী অধ্যাপক কবি শামছুল হক বিন আপ্তাব, মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী, মাওলানা শফিকুর রহমান মনসুরপুরী, মাস্টার কামাল হোসেন উজ্জ্বল, মাওলানা কবি মাহবুবুর রহীম, সিলচর আহলে সুন্নাহ'র সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজিব বড় লস্কর, সিলচর বাঘাডহর ছাহেবের নাতি হাফিজ নুরুল কাশিম বড় লস্কর, ডা. নুরুল আমিন সজিব বড় লস্কর, ডা. মুজাক্কির আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী খছরুজ্জামান চৌধুরী, মাওলানা জমির উদ্দিন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না,জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, হাফিয মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, হাফিজ মোহাম্মদ আব্দুল হাছিব প্রমুখ।
মাহফিলে আল্লামা বালাউটি ছাহেব (রহ.) প্রতিষ্ঠিত ‘বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা’ থেকে হিফজ সম্পন্নকারী ১২ জন কোরআনে হাফিজকে পাগড়ি প্রদান করা হয়। পাশাপাশি ‘আল্লামা বালাউটি হেল্পিং হেন্ডস’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এছাড়া মাহফিলে আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর অন্যতম গ্রন্থ ‘ইস্তিগফার শরীফের ফজিলত ও আমল’, পাগড়ি বিতরণী স্মারক গ্রন্থ এবং মাহফিল উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘তাযকিরা’ ও ‘আল ইবতেহাজ’ প্রকাশিত হয়।
মাহফিলে কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ আব্দুছ ছবুর। হামদ-নাত, ইসলামী সংগীত ও মর্সিয়া পরিবেশন করেন রিসালাহ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, ফজল মাহমুদ, আহমদুল হক, রিয়াদুর রহমান চৌধুরী ও আবু তালহা প্রমুখ।