নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। বুধবার ( ২৯ অক্টোবর ) জাতীয় পে কমিশনের সঙ্গে মতবিনিময়সভায় সংগঠনটির পক্ষ থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।
বিএফএর প্রস্তাবে বলা হয়, নবম পে স্কেল কার্যকর করার সময় সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ঈদ বোনাসসহ বিভিন্ন ভাতা বাড়ানো প্রয়োজন। সংগঠনটি সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ বেতন এক লাখ ৪০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
এ ছাড়া বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৬০ শতাংশ, শিক্ষা ভাতা একজন সন্তানের জন্য ২ হাজার ও দুজন সন্তানের জন্য ৪ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫ হাজার এবং টিফিন ভাতা ৩ হাজার টাকা করার দাবি জানানো হয়। বৈশাখী ভাতা মূল বেতনের সমান করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
লিখিত প্রস্তাবে আরও বলা হয়, বন অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ডিগ্রিধারী ফরেস্টারদের বেতন গ্রেড অন্য ডিপ্লোমাধারীদের সমান করে ১০ম গ্রেডে উন্নীত করতে হবে। এ বিষয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
প্রস্তাবে বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ, পেনশন ১০০ শতাংশ এবং মাঠ পর্যায়ের কর্মীদের ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার দাবিও জানানো হয়েছে।
