সিলেটের জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মৌলভী ছাইর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাব্বির আহমদ সভাপতি এবং ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মহিউদ্দিন হায়দার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহসভাপতি ঈদগাহ বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, সহসভাপতি লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ছালিক আহমদ চৌধুরী ও সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক অসীম কান্তি ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হালিম এবং অর্থ সম্পাদক কাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. মুহিব্বুর রহমান।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক খালেদ আহমদ খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনের জ্যেষ্ঠ শিক্ষক রায়মোহন বিশ্বাস, প্রচার সম্পাদক জকিগঞ্জ গার্লস হাইস্কুলের জ্যেষ্ঠ শিক্ষক ফনিভূষণ বিশ্বাস এবং মহিলাবিষয়ক সম্পাদক গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক নিপা বালা।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক উন্নয়ন, শিক্ষকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং জকিগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় শিক্ষক সমাজও নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।

