জকিগঞ্জ প্রতিনিধি :
শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে সচেতন করে তুলতে জকিগঞ্জে রাশেদ এডুকেশন ট্রাস্টের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) জকিগঞ্জের সোনার বাংলা কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ ও সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সেক্রেটারি মাওলানা সেলিম আহমদের সভাপতিত্বে এবং সাইবার স্পেশালিস্ট রেদোয়ান রাফির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশিষ্টজনরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবুল হোসেন, ভাদেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী আব্দুস শহীদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, প্রধান শিক্ষক ইউনুস আলী, চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম মাজেদ, নিউক্লিয়াস কোচিং সেন্টারের সাবেক পরিচালক আহমেদ আল হুসাইন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ মারজান ও আব্দুল ওয়াহিদ হাসান এবং এডভান্স কোচিং সেন্টারের সিইও তানবিন ইসলাম আহাদ।
বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ভালো ফলাফল অর্জন করলেই সফলতা নিশ্চিত হয় না। লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার, প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ সক্ষমতা এবং নৈতিক মূল্যবোধ একজন শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে নিজেদের মেধা ও যোগ্যতাকে বিকশিত করার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনের বিকল্প নেই। উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হতে হলে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে। সঠিক সময়ে সঠিক দিকনির্দেশনা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎকে আলোকিত করতে পারে বলেও তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, লন্ডনপ্রবাসী সমাজসেবক রাশেদুল হাসানের উদ্যোগে প্রতিষ্ঠিত রাশেদ এডুকেশন ট্রাস্ট শিক্ষা, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। ট্রাস্টের মাধ্যমে ইতোমধ্যে মক্তব প্রতিযোগিতা, শিক্ষাবৃত্তি প্রদান, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা এবং বিভিন্ন শিক্ষামূলক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বক্তারা জানান, রাশেদ এডুকেশন ট্রাস্টের মূল লক্ষ্য হলো মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা, শিক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনা। পাশাপাশি শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও বাস্তব অভিজ্ঞতা জানতে পারেন। আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের শিক্ষামূলক ও দিকনির্দেশনামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
রাশেদ এডুকেশন ট্রাস্টের দায়িত্বশীলরা জানান, প্রাথমিকভাবে ট্রাস্টের কার্যক্রম জকিগঞ্জ পৌরসভা এলাকাকে কেন্দ্র করে পরিচালিত হলেও পর্যায়ক্রমে এর পরিধি পুরো উপজেলায় সম্প্রসারণ করা হবে। শিক্ষা, মেধা বিকাশ ও মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে বৃহত্তর পরিসরে সমাজের উপকারে কাজ করাই ট্রাস্টের অন্যতম লক্ষ্য।
