সাপ্তাহিক সবুজ প্রান্ত

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

‎সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে আজ শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের একটি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির বাবা মারা গেছেন এবং মা জীবিকার তাগিদে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। শিশুটি তার নানার বাড়িতে থাকত।

‎স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় দুই কিশোর চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে নদীর পাড়ের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে সেখানে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

‎ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে স্থানীয় এক বাসিন্দা বলেন, "অভিযুক্তদের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করে। পুলিশ বা জনপ্রতিনিধিদের না জানিয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসকের মাধ্যমে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে রেখে দেওয়া হয়েছিল।"

‎পরিবার সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে শিশুটির ক্রমাগত রক্তক্ষরণ হতে থাকে এবং শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। আজ সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে দুপুরের দিকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।

‎তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, "অভিযুক্ত দুই কিশোরকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন