সাপ্তাহিক সবুজ প্রান্ত

গোয়াইনঘাট ছাত্র পরিষদের ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন,চ্যাম্পিয়ন পূর্ব আলীরগাঁও

সিলেটের গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে গোয়াইনঘাট ছাত্র পরিষদ আয়োজিত ফুটসাল টুর্নামেন্টের চতুর্থ আসর। আজ শনিবার (৯ মে) স্থানীয় কিংস ফুটসাল ইনডোরে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলায় উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিনিধিত্বকারী দলগুলো অংশগ্রহণ করে। ফাইনালে ৬নং ফতেপুর ইউনিয়নকে হারিয়ে ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি মিজানুর রহমান দৌলতের সভাপতিত্বে ও টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খায়রুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন মুনাঈম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, গোয়াইনঘাট পেশাজীবী পরিষদের সদস্য সচিব নাসির উদ্দীনসহ সংগঠনের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের ভিত্তিতে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন শাকিল। সেরা গোলকিপারের পুরস্কার পান সাকিব এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন মুনিম। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠের এই লড়াই কেবল বিনোদন নয়, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। গোয়াইনঘাট ছাত্র পরিষদের এই ইতিবাচক উদ্যোগের প্রশংসা করে বক্তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। প্রতিযোগিতাকে কেন্দ্র করে দিনভর স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন