মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ মে ২০২৬ ইং তারিখে জেলা প্রশাসক কার্যালয়, মৌলভীবাজারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মৌলভীবাজার। সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সভার উদ্দেশ্য ও গ্রাম আদালত কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, দেশের উচ্চ আদালতে মামলার চাপ কমানো এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সহজ, দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হওয়ায় সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচার পাচ্ছে এবং উচ্চ আদালতের ওপর চাপও কমছে। গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি উপজেলা পর্যায়ে কর্মরত সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, গ্রাম আদালতের সুবিধাসমূহ জনগণের সামনে তুলে ধরতে পারলে এর প্রচার বৃদ্ধি পাবে এবং গ্রামীণ জনগণ সহজেই এ সেবা সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি গ্রাম আদালত কার্যক্রম আরও কার্যকর ও সক্রিয় করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
