জকিগঞ্জে সাধারণ মানুষের চক্ষু সেবার সুযোগ বাড়াতে ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করেছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। আগামী শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হবে।
চক্ষু শিবিরের স্থান নির্ধারণ করা হয়েছে জকিগঞ্জের ঐতিহ্যবাহী থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ। চক্ষু শিবিরে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।
আয়োজকরা জানান, জকিগঞ্জ উপজেলার সব শ্রেণি-পেশার মানুষ এই ফ্রি চক্ষু শিবিরে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের সকাল ৯টা থেকে ১১টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুস এবং কোষাধ্যক্ষ রাসেল আলম চৌধুরী বাবু জকিগঞ্জবাসীকে এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন।
