সাপ্তাহিক সবুজ প্রান্ত

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। জেলা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে তাঁদের অংশগ্রহণ, বিভিন্ন অপারেশন এবং যুদ্ধকালীন স্মৃতিচারণ করেন। তাঁরা এ ধরনের সম্মানজনক আয়োজনের জন্য মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “আপনারাই আমাদের প্রকৃত পথপ্রদর্শক। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ থেকে অস্ত্র হাতে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন আপনারাই। কোনো সন্তান যেমন পিতামাতার ঋণ শোধ করতে পারে না, তেমনি আপনাদের অবদান জাতি কখনো শোধ করতে পারবে না।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন