আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জকিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জকিগঞ্জ বাজারের একটি কনভেনশন হলে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মোঃ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) প্রণব বিশ্বাস।
প্রস্তুতিমূলক এ সভায় বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণ করেন থানা এলাকার ৮৫টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ, হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস, বিজিবি, আনসার ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা।
সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না। বক্তারা পূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে যেকোনো সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
সভায় বক্তারা আরও বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। সবার সহযোগিতা ও সতর্কতায় উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়।
