সাপ্তাহিক সবুজ প্রান্ত
পৌর নির্বাচনের উত্তাপ শেষে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জকিগঞ্জে ভোটের হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান, পথঘাট—গ্রামগঞ্জের প্রতিটি কোণে এখন আলোচনা চলছে ভোট, প্রার্থী ও বিজয়ী সম্ভাবনা নিয়ে।
আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রস্তুতি তৎপরতা বেড়ে গেছে। ভোট ও দোয়া নিতে প্রার্থীরা ছুটছেন গ্রামবাসীর দ্বারে দ্বারে।
গত শনিবার সকালে জকিগঞ্জের থানাবাজার এলাকার রারাই জামে মসজিদ প্রাঙ্গণে জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সংগঠক এম এ হাফিজ খালেদ নির্বাচনী মতবিনিময় সভা করেন। সভায় বক্তারা ইউপিবাসীর কাছে আহবান জানান, আসন্ন নির্বাচনে হাফিজ খালেদকে বিজয়ী করার জন্য।
হাফিজ খালেদ রারাই গ্রামের ঐতিহ্যবাহী পরিবার মরহুম আব্দুল জলিল (টরই মাস্টার) সাহেবের সুযোগ্য সন্তান। ছাত্র জীবন থেকেই তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও হতদরিদ্র জনগণকে সহযোগিতা করে আসছেন। এছাড়া তিনি সিলেটের জনপ্রিয় সাপ্তাহিক সুরমা টাইমস ও অনলাইন সুরমা টাইমস-এ সক্রিয় সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চেয়ারম্যান পদে জকিগঞ্জ সদর ইউনিয়নে বর্তমানে আরও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী মাও. আফতাব আহমদ ও আব্দুছ ছবুর, বিএনপির মনোনয়ন প্রত্যাশি হাসান আহমদ, খেলাফত মজলিস নেতা মাও. আলাউদ্দীন তাপাদার, এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ফয়েজ আহমদ রয়েছেন।
উপজেলার ৯টি ইউনিয়নে প্রার্থীরা ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছেন। নানা রঙের ব্যানার ও পোস্টারের মাধ্যমে তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। এছাড়া সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে তাদের উপস্থিতি লক্ষ্যণীয়ভাবে বেড়েছে।

